নিজস্ব প্রতিবেদক,কুতুবদিয়া: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় ইউনিয়নের দরবার রাস্তার মাথায় আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, উন্নয়ন সহায়তা তহবিল প্রকল্পের আওতায় ১ লাখ ২৭ হাজার টাকা ব্যয়ে আজম সড়কের দুই পাশে জারুল, ছাতিম, বনসুলাসহ বিভিন্ন প্রজাতির মোট ২৫০টি গাছের চারা রোপণ করা হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে সড়কের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোহাম্মদ জাবের, ইউপি সদস্য মোহাম্মদ হোসেন, তোফায়েল আহমেদ, নুরুল আবছার, মোহাম্মদ ফোরকান, মহিলা ইউপি সদস্য শাহেদা বেগম, হামিদা বেগম, কানিজ ফাতেমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।