1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

কর পরিশোধে উৎসাহ দিতে বাগেরহাটে পৌর কর মেলা 

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট পৌরসভার বকেয়া পৌর কর আদায়ে নাগরিকদের উৎসাহিত করতে ব্যতিক্রমধর্মী তিন দিনের কর মেলার আয়োজন করেছে পৌর কর্তৃপক্ষ। মেলা চলাকালে বকেয়া পৌর কর পরিশোধকারীরা পাবেন ১৫ শতাংশ পর্যন্ত নগদ ছাড়।
রবিবার (২৮ জুন) সকালে বাগেরহাট পৌরসভা চত্বরে ফিতা কেটে কর মেলার উদ্বোধন করেন বাগেরহাট পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাহ উদ্দীন।
পৌরসভা সূত্রে জানা গেছে, বর্তমানে বাগেরহাট পৌরসভার মোট করের পরিমাণ ৭ কোটি ১৩ লাখ টাকা। এর মধ্যে ৪ কোটি ৫৬ লাখ টাকা বকেয়া রয়েছে। এই বিপুল পরিমাণ বকেয়া কর আদায় এবং পৌরসভার রাজস্ব বৃদ্ধি করতেই তিন দিনের এই বিশেষ কর মেলার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক মো. মেজবাহ উদ্দীন বলেন, বকেয়া পৌর কর আদায় না হলে নাগরিকদের প্রয়োজনীয় সেবা ও উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়। পৌরসভাকে আর্থিকভাবে স্বাবলম্বী ও কার্যকর রাখতে কর আদায়ের কোনো বিকল্প নেই। তাই নাগরিকদের কর পরিশোধে উদ্বুদ্ধ করতে তিন দিনের এই কর মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলাকালে বকেয়া কর পরিশোধ করলে ১৫ শতাংশ পর্যন্ত নগদ ছাড় দেওয়া হবে।
তিনি আরও বলেন, কর পরিশোধের মাধ্যমে নাগরিকরা যেমন ছাড়ের সুবিধা পাবেন, তেমনি পৌরসভাও উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে সক্ষম হবে।
ব্যতিক্রমধর্মী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পৌরবাসী। তাদের মতে, ছাড়ের সুবিধা থাকায় অনেকেই দীর্ঘদিনের বকেয়া কর পরিশোধে আগ্রহী হচ্ছেন। এতে একদিকে যেমন নাগরিকদের আর্থিক সুবিধা হবে, অন্যদিকে পৌরসভার রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।
পৌর কর্তৃপক্ষ আশা করছে, এই কর মেলার মাধ্যমে বকেয়া কর আদায়ে গতি আসবে এবং ভবিষ্যতে পৌরবাসীর জন্য আরও উন্নত ও মানসম্মত নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব হবে

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd