1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

কপিলমুনির হাওলী গ্রামে মাদক কারবারিদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬

শেখ আব্দুল গফুর, কপিলমুনি (খুলনা) অফিস
মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্য কপিলমুনির হাউলী গ্রাম। মাদক বিক্রেতা ও
সেবনকারীরা পুলিশের নজরদারি না থাকায় ঝুঁকিমুক্ত এবং নিরাপদ স্থান হিসাবে বেছে
নিয়েছেন এই গ্রামটি। সবুজে ঘেরা বনাঞ্চল ও নির্জন নিরিবিলি এলাকা হওয়ায় এদের তৎপরতা
দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন বিকালের পর বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল যোগে
উঠতে বয়সের তরুণ মাদক সেবীরা এই এলাকায় এসে ঝোপঝাড়ের আড়ালে ও বিভিন্ন মৎস্য
ঘেরের পরিত্যাক্ত বাসায় বসে মাদক সেবন করে।এদের সাথে যুক্ত হয় হাওলী গ্রামের কিছু বকাটি
যুবকরা। সারাদিন মোটরসাইকেল নিয়ে এলাকায় দাপিয়ে বেড়ায়। এ সকল বকাটি যুবকদের
অভিভাবকরা প্রভাবশালী ও রাজনীতির সাথে জড়িত থাকার কারণে এদের বিরুদ্ধে মুখ খুলতে কেউ
সাহস পায় না। দুপুর গড়িয়ে গেলেই এদের তৎপরতা বৃদ্ধি পায়। শুরু হয় মাদক বিক্রয় এবং সেবনের
মহোৎসব। একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, হাওলি সরকারি পুকুর পাড়ে বসবাসরত সুমন নামে
এক যুবক মোটর বাইক মিস্ত্রি সেতুর মটর গ্যারেজে মাদক পৌঁছে দেয়। সেতু এই মাদক
এলাকায় সরবরাহ করে। সেতু মাদকসহ পুলিশের কাছে একবার ধরা পড়ে জেল খাটে। জামিনে
বেরিয়ে এসে আবারও মাদক কারবারে জড়িয়ে পড়ে। মাদকের বিষাক্ত ছোবলে উঠতি বয়সের
তরুণদের জীবন আজ বিপন্ন। এলাকায় মাদক ব্যবসায়ীদের তৎপরতা বৃদ্ধি পাওয়া একটি অত্যন্ত
উদ্বেগজনক এবং বিপজ্জনক পরিস্থিতি, যা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের
টাকা জোগাড় করতে তারা চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছেন।
এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িতরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে নির্বিঘ্নে চালিয়ে
যাচ্ছে তাদের ব্যবসা কার্যক্রম। এ বিষয়ে স্থানীয় জনগণ প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা
কামনা করেছেন। তারা নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি, মাদকবিরোধী অভিযান জোরদার এবং
অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।এলাকাবাসী বলেন, তারা
শান্তিপূর্ণ ও স্বাভাবিক জীবনযাপন করতে চান। এজন্য সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি ও
সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন তারা।অত্র এলাকার সাধারণ মানুষের
প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে হাওলী গ্রাম সহ বিভিন্ন এলাকার
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে এবং জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত
হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd