1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

এক থেকে দেড় সপ্তাহের মধ্যে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, চলমান গ্যাস সংকট শুধু বাংলাদেশের নয়, এর পেছনে আন্তর্জাতিক পরিস্থিতিও দায়ী। সংকট মোকাবিলায় সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টার এলাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় জ্বালানিবাহী জাহাজ চলাচলে বিঘ্ন ঘটেছে। এর পাশাপাশি মহেশখালীর এলএনজি টার্মিনালের ত্রুটিও গ্যাস সরবরাহ সংকটকে আরও তীব্র করেছে। ফলে দেশের বাসাবাড়ির পাশাপাশি শিল্পকারখানাগুলোও গ্যাসের চাপ কমে যাওয়ার সমস্যায় পড়েছে।

তিনি বলেন, সরকার সংকট মোকাবিলায় বসে নেই। জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে শিল্পকারখানায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। এক থেকে দেড় সপ্তাহের মধ্যে মিল-কল-কারখানায় প্রয়োজনীয় গ্যাস সরবরাহ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রিজভীর প্রত্যাশা, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে শিল্প উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যে যে সংকট তৈরি হয়েছে, তা ধীরে ধীরে কমে আসবে।

গ্যাস সংকট মোকাবিলায় এলএনজি আমদানির জন্য সরকার ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে বলেও জানান বিএনপির এই নেতা।

চলমান সংকট নিয়ে রাজনৈতিকভাবে কেউ যেন সুযোগ নেওয়ার চেষ্টা না করে, সেই আহ্বানও জানান রিজভী। তার ভাষায়, সংকটকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার না করে এর প্রকৃত কারণ জনগণের সামনে তুলে ধরা উচিত।

পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে রিজভী বলেন, বৈশ্বিক উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষায় ব্যাপকভাবে গাছ লাগানো প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছেন বলে জানান তিনি।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের পাশাপাশি নদী, খাল, বিল ও জলাশয় দূষণমুক্ত রাখার ওপরও গুরুত্ব দেন রিজভী। পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান এবং যুগ্ম আহ্বায়ক এ বি এম আবদুর রাজ্জাকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd