1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

‎একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি আমাদের জীবন; ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী……… ..

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
‎ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা): প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা এবং ‘সবুজ বিদ্যালয়’ ও ‘এক শিশু, এক গাছ’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ জুলাই) খুলনার পাইকগাছা উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রতিটি বিদ্যালয়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এরই ধারাবাহিকতায় সকাল ১১টা ৪০ মিনিটে শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা পারভীন, সহকারী শিক্ষক শিবপদ সরকারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা।
‎বৃক্ষরোপণ শেষে ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি আমাদের জীবন, পরিবেশ ও ভবিষ্যৎকে রক্ষা করে। প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ লাগায় এবং সেটির যত্ন নেয়, তাহলে আগামী দিনের বাংলাদেশ আরও সবুজ, সুন্দর ও বাসযোগ্য হবে। গাছ লাগানোর পাশাপাশি তা পরিচর্যা করাও সমান গুরুত্বপূর্ণ।”
‎তিনি আরও বলেন, “প্রকৃতি রক্ষায় ছোটবেলা থেকেই শিশুদের সম্পৃক্ত করতে হবে। বিদ্যালয়ভিত্তিক এই উদ্যোগ শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
‎উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ, বনজ ও ঔষধি—এই তিন ধরনের গাছের চারা রোপণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতেও অন্তত একটি করে গাছ লাগানো এবং নিয়মিত পরিচর্যার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।
‎শিক্ষকরা জানান, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও সবুজায়নের গুরুত্ব সম্পর্কে বাস্তবভিত্তিক শিক্ষা প্রদান করবে। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরাও গাছ লাগিয়ে আনন্দ প্রকাশ করে এবং গাছের নিয়মিত পরিচর্যার অঙ্গীকার করে।
‎পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সরকারের এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বিদ্যালয়ভিত্তিক এমন কর্মসূচি নিয়মিত বাস্তবায়ন হলে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ রক্ষার মানসিকতা আরও সুদৃঢ় হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd