বিদেশ: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ফেলে যাওয়া চারটি বিমানবোমা নিষ্ক্রিয় করেছে দেশটির সেনাবাহিনী। গতকাল শনিবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ-এর প্রতিবেদনেও কর্তৃপক্ষের বরাতে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। ওই প্রতিবেদনে জানানো হয়, সেনাবাহিনীর বিশেষজ্ঞ বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটগুলো অভিযান চালিয়ে এসব বোমা নিরাপদে অপসারণ করে। লেবাননের সেনাবাহিনীর কমান্ড-ডিরেক্টরেট অব ওরিয়েন্টেশন এক বিবৃতিতে জানায়, নাবাতিয়েহ অঞ্চলের আব্বা ও হারুফ, টাইর অঞ্চলের বুর্জ শেমালি এবং মারজায়ুন অঞ্চলের দেব্বিন শহরে ইসরায়েলি আগ্রাসনের সময় ফেলে যাওয়া চারটি অবিস্ফোরিত বিমানবোমা নিষ্ক্রিয় করা হয়েছে। এদিকে লেবাননে গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩০১ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরও ১২ হাজার ১৯৯ জন। গত শুক্রবার এ খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননের নাবাতিয়েহ জেলায় ইসরায়েলি বাহিনীর সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেখানে গোলাগুলি ও ড্রোন তৎপরতার ঘটনা ঘটেছে। এর আগে গত শুক্রবার ইসরায়েল জানায়, নিরাপত্তা অঞ্চলে তাদের বাহিনীর ওপর হামলার জবাবে বিনতে জবেইল জেলায় হিজবুল্লাহর প্রায় ১০টি অবকাঠামোয় বিমান হামলা চালানো হয়েছে।