বিদেশ:ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘বড় ধরনের’ রুশ হামলার আশঙ্কা প্রকাশের একদিন পরই ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।হামলা পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ পর্যন্ত ছড়িয়ে পড়ায় নিজেদের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবেশী দেশ পোল্যান্ড যুদ্ধবিমান মোতায়েন করে।গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১টার কিছু পর রাজধানী কিয়েভে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে কিয়েভ ইন্ডিপেনডেন্ট।ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানায়, কিয়েভে একজন নিহত এবং আরো দুজন আহত হয়েছেন। এছাড়া প্রেসিডেন্ট জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহ-তে একটি আবাসিক ভবনে রুশ ‘ইস্কান্দার-এম’ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে দুই শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত আটজন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, উদ্ধার কাজ চলায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।সীমান্তবর্তী লভিভ শহরে দুটি অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র আঘাতে ২৬ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকর্মীরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন।হামলার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভ, লভিভ ও দনেপ্রোপেত্রোভস্কের বিভিন্ন সামরিক স্থাপনা এবং ওডেসা বন্দরে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বহনকারী তিনটি পণ্যবাহী জাহাজে সফলভাবে আঘাত হেনেছে তাদের বাহিনী।এই হামলার কড় প্রতিক্রিয়া জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এঙ্’-এ লেখেন, “রাশিয়ার এই হামলা আবারো প্রমাণ করে যে আমাদের নাগরিকদের জীবন বাঁচাতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করাই এখন সবচেয়ে জরুরি কাজ।” তিনি জোর দিয়ে বলেন, “এই সুরক্ষার বিষয়টি কেবল ইউক্রেন বা একক কোনো দেশের ওপর ছেড়ে দেওয়া ঠিক হবে না।”এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্র সফর শেষে ফিরে এক সতর্কবার্তায় জেলেনস্কি জানান, রাশিয়ার একটি বড় আক্রমণ আসন্ন এবং ইউক্রেনীয়দের নিরাপত্তা নির্ভর করছে মিত্রদেশগুলোর ক্ষেপণাস্ত্র প্রতিরোধী প্রতিরক্ষা সহায়তার ওপর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিতে সম্মত হয়েছেন বলে জানান তিনি। বর্তমানে রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম একমাত্র ‘প্যাট্রিয়ট’ ব্যবস্থার পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের তীব্র ঘাটতিতে রয়েছে ইউক্রেন।অন্যদিকে, ইউক্রেনীয় হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার অভ্যন্তরীণ অবকাঠামোও। গতকাল বৃহস্পতিবার সকালে রাশিয়ার পেনজা শহরে ইউক্রেনীয় ড্রোনের আঘাতে দেশটির শীর্ষ অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ওয়াইল্ডবেরিজ’-এর একটি গুদামে আগুন ধরে যায়। গভর্নর ওলেগ মেলনিচেঙ্কো জানান, এতে একজন আহত হয়েছেন এবং প্রায় ২০০ জনকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে।ইউক্রেনের দাবি, ওয়াইল্ডবেরিজ রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করছে, যদিও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে আসছে।
সূত্র: আল-জাজিরার