1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

আরও অন্তত পাঁচ দিন বৃষ্টির আভাস, কোথায় হতে পারে অতি ভারী বর্ষণ জানাল আবহাওয়া অফিস

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এরই মধ্যে আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। বিশেষ করে কয়েকটি বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

সোমবার (১৩ জুলাই) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (১৪ জুলাই) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার (১৫ জুলাই) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিনও তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার (১৭ জুলাই) ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এসব বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এদিনও তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার ইঙ্গিত রয়েছে।

এদিকে ঢাকা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, “মঙ্গলবার ও বুধবার বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।”

তিনি আরও বলেন, “৫ জুলাই সৃষ্ট নিম্নচাপের প্রভাব কমে এলেও মৌসুমি বায়ু এখনও সক্রিয় রয়েছে। এ কারণে পুরো জুলাই মাসজুড়েই কখনও বেশি, কখনও কম বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd